ভোটের দিন পশ্চিমবঙ্গ রণক্ষেত্র, কেন্দ্র দখল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৪২ এএম

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকা। গতকাল সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরই দুবরাজপুর, নানুর, নলহাটি ও সদাইপুরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার।

বীরভূমের নানুর ও সদাইপুরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সদাইপুরে ভোট দিতে আসা তিন তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন থেকেই বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হুমকি দেয় তৃণমূলের নেতাকর্মীরা। এ ছাড়া বীরভূমের হাসিবপুরের একটি কেন্দ্রে সংঘর্ষে এক বিজেপি কর্মীর মাথা ফাটে। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারি শুরু হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সামনেই তৃণমূল কর্মীরা জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। অধীরের অভিযোগ, বহরমপুরের বেশ কয়েকটি কেন্দ্রের দখল নিয়েছে তৃণমূল কর্মীরা।

ভোটাররা কাকে ভোট দিলেন তা চিহ্নিত করতে অভিনব কায়দা প্রয়োগের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, মঙ্গলকোট এলাকার দুটি ইভিএম কেন্দ্রে তৃণমূলের প্রতীক জোড়াফুলে আতর লাগিয়ে রাখা হয়। ভোট দিয়ে বের হওয়ার পর ভোটারদের আঙুলে আতরের ঘ্রাণ না পেলে তার ওপর চড়াও হওয়ার অভিযোগ পাওয়া যায়।

আসানসোলের বারাবনি কেন্দ্রে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বাবুল সুপ্রিয়র অভিযোগ, তৃণমূল আমাকে এক জায়গায় আটকে রাখার চেষ্টা করে। আমাকে আটকে রাখা যাবে না। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বাবুল সুপ্রিয় সমর্থকরাই উত্তেজনার সৃষ্টি করেছে। কেন্দ্রে প্রবেশ করে তৃণমূলের এজেন্টদের হুমকিও দিয়েছেন তিনি।

এদিকে ভোটের মাঝেই পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে সমাবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দিদি, ২৩ মে ফলাফলের দিন দেখবেন সব জায়গায় পদ্মফুল ফুটেছে। আপনার এমপিরা বিজেপিতে যোগ দেবে দলে দলে। এমনকি আজকেও আপনার ৪০ জন এমপি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছে।’

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য ৪২টি আসনের মধ্যে অন্তত ২৩টির দখল নেওয়া। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পায় ৩৪টি আসন। এবারের নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি গতবারের তুলনায় অধিক সংখ্যক আসন পাবেন বলে আশাবাদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত