সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার রায়পুর রেলস্টেশনের কাছে এক ‘মাদক ব্যবসায়ীর’ লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা।
নিহত নুরুল ইসলাম ওরফে মোহন শেখ (৫০) শহরের মাহমুদপুর মহল্লার মৃত হায়াত আলীর ছেলে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু দাউদ জানান, মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে মোহন শেখের সঙ্গে একই এলাকার অপর আরেকটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল।
এরই জের ধরে এ দিন ভোরে রায়পুর রেলস্টেশনের কাছে দু’গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে মোহন শেখ প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। সকালে লাশটি স্টেশন এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
