মোবাইল ফোনে যত বিপদ জানালেন প্রাণ গোপাল দত্ত

আপডেট : ০১ মে ২০১৯, ১২:০০ এএম

১৬ বছরের কমবয়সী কারো হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট নাক, কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। 

তিনি বলেছেন, অনেকক্ষণ মোবাইল ফোনে কথা বললে মাথা ব্যথা, ঘুম না আসা, সহজ বিষয়ও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। 

একটানা বেশি সময় ধরে মোবাইল ব্যবহারের কারণে শোল্ডার, এলবো, রিস্ট জয়েন্ট অকেজো হচ্ছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার সকালে চট্রগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) আয়োজনে মাওলানা ভাসানী অডিটোরিয়ামে ‘মোবাইল ফোন : স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব বলেন।

উপস্থাপনায় মোবাইল ফোন ব্যবহার ও এর ঝুঁকি থেকে বাঁচতে কিছু সুপারিশ তুলে ধরেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। 
সুপারিশমালায় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে কথা বলা উচিত নয়। তিন মিনিটের বেশি কথা না বলাই ভালো। কথার মাঝখানে ১৫ মিনিট বিরতি নেয়া, প্রয়োজনে স্পিকার বা হেডফোন ব্যবহার করা। এছাড়া মোবাইলের বেইজ স্টেশন থেকে দূরে থাকতে হবে। রাস্তা পারাপারের সময় ফোনে কথা নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণার বরাত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ উপাচার্য বলেন, মোবাইল ফোন ও এর বেইজ স্টেশন থেকে আনলাইকলি ক্যান্সার, ব্রেইন টিউমার ও স্লেভারি গ্লান্ড টিউমারের ঝুঁকির শঙ্কা রয়েছে। 

তিনি বলেন, মোবাইল ফোন আসার পর আমেরিকায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪ গুণ। মৃত্যুর হার বেড়েছে ১০ গুণ। তাছাড়া মোবাইলে ট্র্যাপ এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আর ফেসবুক তো আছেই। এক গবেষণায় তথ্য ফেসবুক মানুষের মস্তিস্কে কোকেনের মতোই আসক্তি সৃষ্টি করে।

ডা. প্রাণ গোপাল দত্ত আরও বলেন, বিল গেটস ১৪ বছরের আগ পর্যন্ত নিজের কোনো ছেলেকে মোবাইল দেননি। মোবাইল ফোনের ক্ষতিকর দিক সম্পর্কে বিল গেটস জানেন বলেই দেননি।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র ‘দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক। 

প্রফেসর ড. এ এম এম এহেতশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নুরুল আবসার, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. শফিউল হাসান ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সিইও আহমদ শিফার উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত