রাজবাড়ীর পাংশা উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন।
নিহত পিকুল বিশ্বাস সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, পিকুল বিশ্বাস বুধবার রাত ১টার দিকে সরিষা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে গুলি করে ও কুপিয়ে জখম করে।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, পিকুল বিশ্বাসকে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
