দেহরক্ষীকে বিয়ে করে রানি বানালেন থাই রাজা

আপডেট : ০২ মে ২০১৯, ১০:২০ এএম

এত দিন ছিলেন রাজার দেহরক্ষী, এখন হয়ে গেলেন রানি। এ যেন রূপকথার গল্পের মতো কোনো ঘটনা। কিন্তু আদতে এটাই ঘটেছে। থাইল্যান্ডের রাজা মাহা বাজিরালংকর্ন বিয়ে করেছেন তার দেহরক্ষী বাহিনীর উপপ্রধানকে।

বিবিসি জানায়, এক বিবৃতিতে থাই রাজপরিবার এ খবর নিশ্চিত করেছে। এ ছাড়া রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রচার করেছে রাজার বিয়ের অনুষ্ঠানের ভিডিওচিত্রও। 

শনিবার আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের কথা রয়েছে দেশটির রাজা বাজিরালংকর্নের। তার আগে রাজার এ বিয়ের খবর রীতিমতো অবাক করে দিয়েছে দেশটির জনগণকে।

বুধবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর উপপ্রধান সুতিদা তিদজাইকে বিয়ে করেন তিনি।  স্ত্রীকে ‘রানি সুতিদ’ উপাধি দিয়েছেন রাজা।

৬৬ বছর বয়সী রাজা বাজিরালংকর্নের চতুর্থ স্ত্রী রানি সুতিদা। আগের তিন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে রাজার। তার সাতটি সন্তানও রয়েছে।  

রানি সুতিদা তিদজাই ছিলেন থাই এয়ারওয়েজের ফ্লাইট লেফটেন্যান্ট। ২০১৪ সালে তাকে দেহরক্ষী বাহিনীর উপপ্রধান হিসাবে নিয়োগ দেন রাজা। এই সময় থেকেই রাজার সঙ্গে সুতিদার প্রেমের গুঞ্জন ওঠে। যদিও তাকে কখনই স্বীকৃতি দেয়নি রাজপরিবার।

image

পরবর্তীতে ২০১৬ সালের ডিসেম্বর মাসে সুতিদাকে রয়্যাল থাই সেনাবাহিনীর জেনারেল পদে বহাল করেন রাজা।

২০১৬ সালে মারা যান থাইল্যান্ডের পূর্ববর্তী রাজা ভূমিবল আদুলাদেজ। ৭০ বছর ধরে দেশটির রাজা ছিলেন ভূমিবল। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা রাজা।

তার মৃত্যুর পরে সে বছরের অক্টোবর মাসে দেশের সাংবিধানিক রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন যুবরাজ বজিরালংকর্ন। ১৭৮২ সাল থেকে ক্ষমতাসীন ও থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘস্থায়ী চক্রী রাজবংশের দশম রাজা তিনি। আগামী শনিবার ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মমতে তার আনুষ্ঠানিক অভিষেক হওয়ার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত