লক্ষ্মীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

আপডেট : ০২ মে ২০১৯, ০১:৪৪ পিএম

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালক দুখু মিয়া (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ইব্রাহিম ও নুর হোসেন নামের আরও দুই সিএনজি চালক গুরুতর আহত হয়। নিহত সিএনজি চালক দুখু মিয়ার বাড়ি জেলার রামগঞ্জ উপজেলার টামটা গ্রামে।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চালক ইব্রাহিমের ও নুর হোসেনের চিকিৎসা চলছে। তবে তাদের আঘাত গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় দ্রুতগতির একটি ট্রাক উত্তর তেমুহুনি এলাকায় যাত্রীর জন্য অপেক্ষমাণ চারটি সিএনজিকে চাপা দিলে চালক দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই সিএনজি চালক মারাত্মক আহত হন।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি তেমহুনি এলাকায় সিএনজিগুলোকে চাপা দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহত দুখু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত