প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্পিনিং মিল কর্মী কিশোরীর (১৫) মাথা ইট দিয়ে থেঁতলে দিয়েছে একই মিলের শ্রমিক বখাটে আউয়াল। নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা আউয়াল স্পিনিং মিলের ওই কিশোরী কর্মীর মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে থেঁতলে দেয়। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ওই কিশোরী নরসিংদী জেলার মাধবদী থানার একটি গ্রামের বাসিন্দা এবং আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউপির ফকির বাড়ি এলাকায় অবস্থিত ভাই ভাই স্পিনিং মিলে সুতা মেশিনের অপারেটর পদে কর্মরত। হামলাকারী আউয়াল একই এলাকার ছালামের ছেলে এবং একই প্রতিষ্ঠানের শ্রমিক। ঘটনার ছয় দিনের মাথায় গত বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।
অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপে আইনি কোনো ব্যবস্থা নিতে পারছিল না পরিবারটি। গত ২৭ এপ্রিল কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় প্রতিষ্ঠানের সামনে শ্রমিকবাহী গাড়িতে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী দেশ রূপান্তরকে বলে, ‘বখাটে আউয়াল কর্মস্থলে আসা-যাওয়ার সময় প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এতে আমি রাজি না হওয়ায় ২৭ এপ্রিল প্রতিষ্ঠানের সামনে গাড়িতে একা পেয়ে ফের আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে সে মাথায় ইট দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।’ ওই কিশোরীর বাবা বলেন, মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। এর আগেও তাকে রাস্তায় একা পেয়ে মারধর করেছে। তিনি আরও বলেন, ‘বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়ের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই রাজু আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় মেয়ের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দুই পক্ষের মধ্যে মীমাংসা করার একটি প্রক্রিয়া চলছে। সমাধান না হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
