ঘূর্ণিঝড় ফণি’র প্রভাব থেকে রক্ষা পেতে ভারতের বিমানবন্দর গুলো বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
ভয়াবহ এই ঝড় মোকাবিলা করতে দেশের একাধিক বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। দুর্যোগের জেরে বিমান চলাচল সাময়িক ভাবে স্থগিত থাকার জন্য এবং উদ্ধার কাজে সহায়তা করার বিষয়ে সবগুলি বিমান সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ফণী’র আশঙ্কায় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার মাঝরাত থেকেই দুর্যোগের ভুবনেশ্বরে যাতায়াতকারী সমস্ত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে।
কলকাতা বিমানবন্দর থেকে শুক্রবার রাত সাড়ে ন'টা থেকে শনিবার সারাদিন বিমান চলাচল বন্ধ থাকছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
