বিমানে দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি

এমডিসহ ১০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ মে ২০১৯, ০৩:১৭ এএম

পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্যবিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মুনীম মোসাদ্দিক আহম্মেদসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এ অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শককে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুনীম মোসাদ্দিক ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেনÑ বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার জি এম জাকির হোসেন, মো. মিজানুর রহমান ও এ কে এম মাসুম বিল্লাহ; জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার ও বিমান শ্রমিক লীগের সভাপতি (সিবিএ নেতা) মো. মশিকুর রহমান; কমার্শিয়াল সুপারভাইজার মো. রফিকুল আলম ও গোলাম কায়সার আহমেদ; কমার্শিয়াল অফিসার মো. জাওয়েদ তারিক খান ও মাহফুজুল করিম সিদ্দিকী এবং জুনিয়র কমার্শিয়াল অফিসার মারুফ মেহেদী হাসান।

নানা অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার বিমান পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে মোসাদ্দিক আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উপপরিচালক প্রণব আরও জানান, দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দরে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার বার্তা পাঠানো হয়েছে।

দুদক কর্মকর্তারা বলছেন, ‘ওই ১০ জন বিমানে কর্মরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত