বিগত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন হেনস্তার ঘটনা অধিক হারে বাড়ছে বলে পেন্টাগনের সাম্প্রতিক বার্ষিক রিপোর্টে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়, ২০১৭ সালে সামরিক বাহিনীতে ৭ হাজার ৬২৩টি যৌন হেনস্তার ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ২০১৭ সালের তুলনায় ১৩ গুণ বেশি হেনস্তার রিপোর্ট পাওয়া গেছে। আর এই হেনস্তার শিকার নারী-পুরুষ উভয়ই হচ্ছেন বলেও রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহনাহান এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘এটা পরিষ্কার যে যৌন আক্রমণ ও হয়রানির ঘটনা চ্যালেঞ্জের পর্যায়ে পৌঁছেছে। আমাদের একে অপরের প্রতি প্রত্যাশা পূরণ হয়নি। এটা অগ্রহণযোগ্য।’
রিপোর্টে বলা হয়, প্রতিরক্ষা দপ্তরের ৬ দশমিক ২ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হচ্ছে। দুই বছর আগে তা ছিল ৪ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে ২০১৮ সালে শূন্য দশমিক ৭ শতাংশ পুরুষ হয়রানির শিকার হয়েছেন, যা আগের দুই বছরে ছিল শূন্য দশমিক ৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের মধ্যে অবস্থা সবচেয়ে খারাপ। ২০১৮ সালে মেরিনদের মধ্যে ১০ দশমিক ৭ শতাংশ, নৌবাহিনীর ৭ দশমিক ৫ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। পেন্টাগনের মতে, গত বছর ১৩ হাজার নারী এবং ৭ হাজার পুরুষ হয়রানির শিকার হয়েছে।
