নেত্রকোনা-লেংগুরা ভায়া সিধলী ও নাজিরপুর জিসিসি রাস্তাটি সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের প্রতিবাদে এবং এর আগে প্রতিবাদকারীদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনার-নাজিরপুর জিসিসি রাস্তায় হরিপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
‘হরিপুর গ্রামবাসী’র ব্যানারে এ কর্মসূচিতে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। দীর্ঘদিন চলাচলের অনুপযুক্ত থাকা এ রাস্তা সংস্কারের উদ্যোগে প্রথমে এলাকাবাসী খুশি হলেও পরে ঠিকাদার নিম্নমানের সংস্কারকাজ করায় ক্ষুব্ধ হয় এলাকার মানুষ। এর প্রতিবাদ করলে গত ২৯ এপ্রিল কলমাকান্দা থানায় হরিপুর এলাকার তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে ঠিকাদারের পক্ষ থেকে চাঁদাবাজির মামলা করা হয়।
