চাঁদাবাজ’ হাতি চিড়িয়াখানায় দুই মালিক কারাগারে

আপডেট : ০৪ মে ২০১৯, ১২:৩৫ এএম

রাজধানীর রাস্তায় বিদেশি পর্যটকদের গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনায় দুই হাতিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই দুই হাতির মালিক শাহীন (২৫) ও হেলালকে (২২) দুই বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে এসব দণ্ডাদেশ দেওয়া হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে  রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিদেশি পর্যটকদের গাড়িসহ সব ধরনের জিপ, প্রাইভেটকার থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাঁদাবাজি করায় দুজনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তারা কারওয়ান বাজারে অভিযান শেষে হোটেল সুপারের সামনে রাস্তায় দাঁড়ানো অবস্থায় দেখতে পান ফার্মগেটগামী রাস্তায় দুই ব্যক্তি দুটি হাতি দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা বিদেশি পর্যটকবাহী গাড়িসহ অন্য গাড়ির ভেতর হাতির শুঁড় ঢুকিয়ে দিয়ে চাঁদা দাবি করছিল। এ সময় বিদেশি পর্যটকরা ভয়ে আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য ‘পুলিশ পুলিশ’ বলে চিৎকার করছিল।

এ অবস্থা দেখে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-২-এর কর্মকর্তারা হাতির মালিক দুটিকে রাস্তা ছেড়ে পাশে অবস্থান করার জন্য আদেশ করেন। কিন্তু হাতির মালিকরা তা অমান্য করে গাড়ির জটলার ভেতর রাস্তা অতিক্রম করতে শুরু করলে গাড়িচালক ও পথচারীদের মধ্যে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‌্যাবের নির্দেশ অনুযায়ী মালিকরা হাতি দুটি না থামিয়ে কারওয়ান বাজারের ভেতরে ঢুকে পড়ে ও চারটি প্রাইভেটকারের ক্ষতি করে। সাধারণ জনতা ও র‌্যাবের দল পিছু নিলেও তাদের থামানো যায়নি। একপর্যায়ে হাতি দুটি নিয়ে হাতিরঝিল ঢুকে পড়ে মাহুতরা। মধুবাগের কাছে হাতিসহ তাদের থামতে বাধ্য করা হয় ও দণ্ডাদেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত