বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রচণ্ড ঝোড়ো বাতাসে কাঠের ঘর ধসে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামে বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দাদির নাম নুরজাহান (৬০) ও নাতির নাম জাহিদুর (৯)। জাহিদুর বাঁধঘাট এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ইব্রাহিম হোসেনের বাড়িটি কাঠের ছিল। বাড়ির একটি কক্ষে দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়েছিল নাতি জাহিদুর। রাতে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে ওই কক্ষটি ধসে পড়লে ঘটনাস্থলেই দাদি-নাতির মৃত্যু হয়।
চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মিয়া বলেন, “ঘূর্ণিঝড়ের ঝড়ো বাতাসে ইউনিয়নের আরও ৪০-৪৫টি ঘর উড়ে গেছে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা এখনো জানা যায়নি।”
