যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রানওয়ে থেকে পিছলে বোয়িং-৭৩৭ এর একটি কমার্শিয়াল বিমান ১৩৬ জন যাত্রী নিয়ে নদীতে পড়ে গেছে। তবে এতে হতাহতে কোনো ঘটনা ঘটেনি।
এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে অবতরণের সময় জ্যাকসনভিলের কাছে সেন্ট জনস নদীতে পড়ে যায় বিমানটি।
জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের একজন মুখপাত্র বলেন, গুয়ান্তানামো বে নেভাল স্টেশন থেকে আসা ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ের শেষপ্রান্ত ছাড়িয়ে গিয়ে নদীতে পড়ে যায়।
জ্যাকসনভিলের মেয়র টুইটারের বলেন, বিমানের সব আরোহী জীবিত আছেন এবং সেটি নিশ্চিত হওয়া গেছে। তবে পানিতে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করে যাচ্ছেন ক্রুরা।
জ্যাকসনভিলের শেরিফ অফিস জানায়, বিমানটি একেবারে ডুবে যায়নি। যাত্রীদের সবাই জীবিত আছেন এবং সেটি নিশ্চিত হওয়া গেছে।
শেরিফ অফিসের টুইটে দুটি ছবিও পোস্ট করা হয়। এতে দেখা যায় মায়ামি এয়ার ইন্টারন্যাশনালের লোগো সংবলিত বিমানটি অগভীর পানিতে দাঁড়িয়ে আছে এবং সেটি পুরোপুরি অক্ষত রয়েছে।
মায়ামি এয়ার ইন্টারন্যাশনাল একটি চার্টার এয়ারলাইন পরিচালনাকারী সংস্থা। এটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট পরিচালনা করে থাকে। তবে মন্তব্যের জন্য সংস্থাটির কোনো প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
