এটিএম শামসুজ্জামান শঙ্কামুক্ত, সুবীর নন্দী ফের হৃদরোগে আক্রান্ত

আপডেট : ০৫ মে ২০১৯, ০৩:২৮ এএম

রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত শুক্রবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে পরিবার। অন্যদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী গতকাল সকালে আবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। এর আগে গত শুক্রবার দুপুরে ১৮ দিন পর চোখ খোলেন তিনি। এখন তার হার্টের চিকিৎসা চলছে।

গতকাল শনিবার সন্ধ্যায় এটিএম শাসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ভাই এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। যেকোনো সময় কেবিনে স্থানান্তর করা হতে পারে।’ গত ২৬ এপ্রিল শ্বাসকষ্ট, পেটফাঁপা, বমির হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরদিন অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ অভিনেতার বর্তমান বয়স ৭৭ বছর।

অন্যদিকে গতকাল থেকে সুবীর নন্দীর হার্টের চিকিৎসা শুরু হয়েছে। সুবীর নন্দীর পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘১৮ দিন পর চোখ খুলেছেন সুবীর নন্দী। এটা ইতিবাচক দিক। তবে এখনই তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। তার সঙ্গে মেয়ে ফাল্গুনী নন্দী রয়েছেন। মেয়েকে দেখে চিনতে পেরেছেন। এটা আনন্দের। তার হার্টের চিকিৎসা-প্রক্রিয়া একটু জটিল।’

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত