সাতক্ষীরার কালিগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে রোববার সকালে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ নিহতকে কালিগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী নোবা সরদার বলে শনাক্ত করেছে। তার বিরুদ্ধে কালিগঞ্জে খুনসহ ১৬টি মামলা রয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রোববার ভোরে তিনি খবর পান যে সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পড়ে থাকা লাশটি শনাক্ত করতে না পেরে গ্রামবাসীর সহায়তা নেয়।
গ্রামবাসী তাকে শনাক্ত করে জানান, ওই ব্যক্তির নাম নোবা সরদার (৫৫)। তার বাবার নাম ঠান্ডাই সরদার। কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে তার বাড়ি।
ওসি আরও জানান, থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা যায় নোবা সরদার একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল।
প্রাথমিক তদন্তে তিনি জানান খুন খারাবি নিয়ে দুই গ্রুপের খুনির মধ্যে কোনো কারণবশত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে নোবা।
কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধাংশু কুমার জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কাজ সেরে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
