কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক টেকনাফ পৌরসভার পুরান পল্লাংপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খাঁন জানান, সদর ইউনিয়ন খোনকার পাড়া বিচ এলাকায় মাদক পাচার করার জন্য বেশ কয়েকজন যুবক উক্ত এলাকায় অবস্থান নিয়েছে গোপন সংবাদটি পেয়ে ঐ এলাকার টহলরত বিজিবি সদস্যরা অভিযানে যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িতরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
টেকনাফ মডেল থানার এসআই সাব্বির ও পুলিশ সদস্য শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আবদুল্লাহ’র মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই।
