ঢাকার কেরানীগঞ্জে সরকারি খাসজমি অবৈধ দখলের পর প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এ ব্যাপারে সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক জানায়, কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন একটি খাসজমির ৫৩ শতাংশ অবৈধ দখলের পর প্লট নির্মাণ করা হয়েছে। অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট টিম ওই এলাকায় অভিযান চালিয়েছে। রুহিতপুর ভূমি অফিসের আওতায় মধ্যেরচর মৌজার আরএস খতিয়ানের এক নম্বর খতিয়ানের ৯০৯ নম্বর দাগের খাসজমি ভূমি অফিসের দখলে ছিল। এলাকার প্রভাবশালী এক ব্যক্তি ওই জমি দখল ও মাটি ভরাট করে ১০টি প্লট তৈরি করে বিক্রি করেছেন। তিনটি প্লটে বাড়ি নির্মাণপূর্বক বসবাস শুরু হয়েছে।
এমতাবস্থায় সরকারি এই খাসজমি উদ্ধারে কেরানীগঞ্জের রুহিতপুর ভূমি অফিসকে নির্দেশনা দেয় দুদক টিম। এ সংক্রান্ত প্রতিবেদনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করবে দুদক।
