নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে রড তৈরির তরল পদার্থে দগ্ধ হয়েছেন ছয় শ্রমিক। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার হাজি ইসলাম উদ্দিন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
তরল লোহায় দগ্ধরা হলেন মো. সোহেল (২৩), আবদুর রহমান (৫৫), ফারুক (৩০), পলাশ (২৪), নজরুল (৩২) ও আলম (৩৮)। তাদের মধ্যে আবদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
হাজি ইসলাম উদ্দিন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের সুপারভাইজার স্বপন মিয়া দেশ রূপান্তরকে জানান, রবিবার বেলা ১১টার পর হঠাৎ করে মিলের ভেতরে বিকট শব্দ হয়। এ সময় ‘নেডেল ওয়্যার ক্রেনের’ তার ছিঁড়ে নেডেলের ভেতরে থাকা রড তৈরির তরল ছিটকে সোহেল, আবদুর রহমান, ফারুক, পলাশ, নজরুল ও আলম দগ্ধ হন। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে প্রথমে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
