টাকা না পেয়ে মাকে খুন, ছেলের মৃত্যুদন্ড

আপডেট : ০৬ মে ২০১৯, ০১:৩৪ এএম

‘অল্প কিছু’ টাকা চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ ছেলে খুন করেন মা হনুফা বেগমকে। মাকে খুনের দায়ে ছেলে মোবারককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার বিশেষ জেলা ও দায়রা জজ বেগম চমন চৌধুরী এ রায় ঘোষণা করেন। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত হানুফা বেগম ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন। স্বল্প আয়ের সংসারে ছেলে মোবারক ছিলেন পুরো বেকার। প্রায়ই সে মায়ের কাছে টাকা চাইতো। টাকা না পেলে মাকে মাঝেমধ্যেই মারধর করতো। ২০০৭ সালের ২৪ আগস্ট বিকেলে মোবারক বরাবরের মতোই হানুফা বেগমের কাছে ‘কিছু’ টাকা চান। হানুফা তাতে রাজী না হওয়ায় তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেয় মোবারক।

ওই বছরের ২৭ আগস্ট সকালের দিকে হনুফার ভাই আব্দুর রশিদ লোকমুখে জানতে পারেন যে, হনুফা বেগমের ঘর বাইরে থেকে তালা দেওয়া এবং ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছে। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে ঘর থেকে হনুফা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা দায়ের করেন আব্দুর রশিদ। মা হনুফা বেগমকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় ছেলে মোবারক।

২০০৭ সালের ৪ নভেম্বর চার্জশিট দাখিল করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক ফারুক ভূঁইয়া। ২০০৮ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে বিভিন্ন সময়ে ১২ জন আদালতে সাক্ষ্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত