স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আহসানউল্লাহ মাস্টার গণমানুষের নেতা ছিলেন

আপডেট : ০৬ মে ২০১৯, ০১:৪১ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, শহীদ আহসানউল্লাহ মাস্টার শুধু শ্রমজীবীদের নয়, গণমানুষেরও নেতা ছিলেন।

রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আহসানউল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার জাতির জন্য জীবন দিয়েছেন। স্বাধীনতা সংগ্রামেও তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শুধু শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেই হবে না, তার চারিত্রিক বৈশিষ্ট্যও অনুসরণ করতে হবে। তার রক্ত যেন বৃথা না যায় এজন্য তার আদর্শের বাস্তবায়ন করতে হবে।

মন্ত্রী বলেন, ‘তৎকালীন ক্ষমতাসীন সরকার আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের পর তদন্ত ছাড়াই এ হত্যাকাণ্ডকে দলীয় কোন্দল বলে চালিয়ে দেয়। বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তখন সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের চেষ্টা করলেও তা করতে দেওয়া হয়নি।’

পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদ, শামসুন্নাহার ভুঁইয়া এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আতাউর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত