‘পরাজয়ের ইঙ্গিত’ দিলেন খোদ বিজেপি নেতা

আপডেট : ০৬ মে ২০১৯, ০২:৪৮ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অল্পের জন্য হেরে যেতে পারে- এমনই ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতা রাম মাধব। তার মতে, সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপিকে জোটের ওপর নির্ভর করতে হবে।

এনডিটিভি জানায়, লোকসভার সাত দফা নির্বাচনে শেষের দুই দফার আগে এ প্রথম কোনো বিজেপি নেতা নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন।

ব্লুমবার্গ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে রাম মাধব বলেন, ৫৪৩ আসন থেকে যদি আমরা ২৭১ আসন পেয়ে যাই, তাহলে এটা দারুণ ব্যাপার হবে। তখন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সঙ্গে নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাব।

উত্তর ভারতের প্রদেশগুলোতে জনপ্রিয়তা হারালেও উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি পশ্চিম বাংলা এবং ওডিশা নিয়ে আশাবাদী বিজেপি, এমনটাই জানান মাধব।

এদিকে সোমবার লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় দেশটির সাত রাজ্যের ৫১টি আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় নিজ নিজ আসনে লড়ছেন কংগ্রেসের দুই তারকা প্রার্থী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী।

উত্তর প্রদেশে যে ১৪ আসনে ভোট তার মধ্যে রয়েছে রায়বরেলী এবং অমেঠি। প্রথমটিতে প্রার্থী কংগ্রেসের সাবেক সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দ্বিতীয়টিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

উত্তর প্রদেশের লখনউতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লড়ছেন সেখান থেকে পুনর্নির্বাচিত হওয়ার আশায়। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বলিউড স্টার তথা সাবেক বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত