খুলনার ভৈরব নদ থেকে ইয়াসির আরাফাত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নদের ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, খানজাহানপুর গ্রামের শাহানাজ বেগম চারদিনের সময় এতিম আরাফাতকে তার বাড়িতে নিয়ে আসেন। সম্প্রতি তিনি তার সম্পত্তি আরাফাতের নামে উইল করার সিদ্ধান্ত নেন। এর পর থেকে তার দূর সম্পর্কের মামাতো ভাই জাহাঙ্গীর বিশ্বাস ও তার ছেলে রাজ শাহানাজের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওসি বলেন, ‘গত রবিবার রাজ ও আরাফাতসহ ৪/৫জন কিশোর নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রাজ আরাফাতের পায়ে রশি বেঁধে দিলে সে পানিতে ডুবে যায়। তবে ঘটনাটি তারা গোপন রেখেছিল।’
ওসি বলেন, গতকাল সকাল ৭টার দিকে এলাকাবাসী ভৈরব নদীতে বুকে কলাগাছের ছড়ি দিয়ে গাছ ও পা বাঁধা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। সে উপজেলার খানজাহানপুর গ্রামের কাজী আবু মোকারাম দাখিল মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে রাজকে ঢাকা থেকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের ওমর ফারুক (১১), তাইহিদ (১০) ও রাব্বি (১২) নামে তিন কিশোরকে আটক করা হয়।
