নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এসএসসি ফলপ্রার্থী আল মুনতাসির সাত্ত্বিক (১৬) নামে এক ছাত্র নিখোঁজ। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৫ পেয়েছে। রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। ওইদিন রাতে থানায় এ-সংক্রান্ত এক লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোঁজ আল মুনতাসির সাত্ত্বিক বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ শরীফ উদ্দীন আহম্মেদের দ্বিতীয় ছেলে। তার বাড়ি উপজেলার সোনাপাতিল মহল্লায়।
সাত্ত্বিকের বাবা অধ্যক্ষ শরীফ উদ্দীন জানান, তার ছেলে রবিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যার পরও বাড়িতে ফিরে না এলে প্রতিবেশীসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু সাত্ত্বিকের কোনো খোঁজ পাননি।
তিনি জানান, তার ছেলে সাত্ত্বিক চলতি বছর বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৫ পেয়েছে। তবে এ ফল প্রকাশের আগের দিন সে নিখোঁজ হয়। তিনি আরও জানান, সাত্ত্বিক খুবই ধার্মিক ছিল। বাড়ি থেকে তেমন বাইরে বের হতো না। বাড়িতে বসে বেশি বেশি কোরআন-হাদিস পড়ত।
সাত্ত্বিক নিখোঁজের পর থেকে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। ছেলেকে ফিরে পেতে বাবা-মা বিলাপ করছেন। সাত্ত্বিককে উদ্ধারের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা চাইছেন। কোনো হৃদয়বান তার সন্ধান পেলে বাগাতিপাড়া থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সব থানায় বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার কসবে মালঞ্চি মসজিদের সাবেক ইমাম আনোয়ার হোসেনকে রবিবার রাতে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। সাবেক ওই ইমাম নিখোঁজ সাত্ত্বিককে কোরআন শিক্ষা দিয়েছিলেন। কোরআন শেখানোর সুবাদে সাত্ত্বিকের বাড়িতে তার যাওয়া-আসা ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নিখোঁজ ছাত্রকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।
