ভারত থেকে পর্যটকবাহী আরও একটি জাহাজ নারায়ণগঞ্জে

আপডেট : ০৭ মে ২০১৯, ০৫:৪০ পিএম

এম.ভি মহাবাহু নামে ভারত থেকে দ্বিতীয়বারের মতো আরও একটি পর্যটকবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। সোমবার সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় মেরি এন্ডারসনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেটিতে ১৩ জন বিদেশি পর্যটক নিয়ে জাহাজটি এসে পৌঁছায়। এ সময় সেখানে আনুষ্ঠানিকভাবে বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।

গত ২৯ এপ্রিল ভারতের গোহাটি নদীবন্দর থেকে ছেড়ে ২ মে চিলমারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এম.ভি মহাবাহু নামের এই জাহাজটি। এরপর মোংলা, সিরাজগঞ্জ, বরিশাল ও চাঁদপুর রুট হয়ে নারায়ণগঞ্জের পাগলায় এসে যাত্রাবিরতি করে। যাত্রাপথে বাংলাদেশের পর্যটন সংস্থা জার্নি ওয়ালেট লিমিটেড এবং ভারতের পর্যটন সংস্থা অ্যাডভেঞ্চার রিসোর্ট অ্যান্ড ক্রুজেস প্রাইভেট লিমিটেড এর যৌথ তত্ত্বাবধানে এই পর্যটকদের বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়।

১৩জন পর্যটকের মধ্যে ইংল্যান্ডের রয়েছেন ৭ জন, আয়ারল্যান্ডের ১ জন ও ভারতের ৫ জন। তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ ও আনসার বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিয়োজিত রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বাংলাদেশের নানা দর্শনীয় স্থান ঘুরে ইতিবাচক মন্তব্য করেছেন বিদেশি পর্যটকরা।

বাংলাদেশের বিভিন্ন নদী, সিরাজগঞ্জের গামছা ভিলেজ, নবরত্ন টেম্পল, বরিশালের ফ্লোটিং মার্কেট, খুলনার সুন্দরবন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানামনগর ও রূপগঞ্জের জমাদানি পল্লি দর্শন করে অভিভূত হয়েছেন বলে দেশ রূপান্তরকে জানান এই বিদেশি পর্যটকরা। ভারত থেকে নৌ-পথে বাংলাদেশে এই ভ্রমণকে আনন্দদায়ক বলেও উল্লেখ করে এদেশের মানুষের আন্তরিকতারও প্রশংসা করেন তারা।

বাংলাদেশের পর্যটন সংস্থাটি জার্নি ওয়ালেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান দেশ রূপান্তরকে জানান, ভারত থেকে প্রতি ১৫ দিন অন্তর একটি করে পর্যটকবাহী জাহাজ বাংলাদেশে আসা যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে করে সরকারের বৈদেশিক রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি মনে করেন। তবে বিভিন্ন অঞ্চলে নদীর নাব্যতা কমে যাওয়ায় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে নদীগুলো খননের ব্যাপারে উদ্যোগ বাড়াতে সরকারের কাছে দাবি জানান তিনি।

দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান বিআইডব্লিউটিএর বৈদেশিক পরিবহন শাখার উপপরিচালক শর্মিলা খানম। তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি বেসরকারি পর্যটন সংস্থা পর্যটন ব্যবসার প্রতি আগ্রহী হওয়ার তাদেরকে সহযোগিতার ব্যাপারে পরিকল্পনা চলছে। শিগগিরই এসব সংস্থার মাধ্যমে পর্যটন উপযোগী আধুনিক ও মানসম্মত দেশীয় তৈরি জাহাজ ভারতে চলাচল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জার্নি ওয়ালেট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে আসা পর্যটকবাহী জাহাজ এম.ভি মহাবাহু আগামী ৯ মে সকালে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর জাহাজটি ১০ ও ১১ মে খুলনার সুন্দরবন ও ১২ তারিখ মোংলা বন্দরে অবস্থান করবে। ১৩ মে সকালে মোংলা বন্দর থেকে ছেড়ে আংটিহারা সীমান্ত অতিক্রম করে ভারতের উদ্দেশ্যে ফিরে যাবে জাহাজটি।

এর আগে দীর্ঘ সত্তর বছর পর গত ২৯ মার্চ আর. ভি বেঙ্গল গঙ্গা নামে একটি পর্যটকবাহী জাহাজ ভারত থেকে প্রথমবারের মতো বাংলাদেশে আসে। ৫ মার্চ জাহাজটি নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মেরি এন্ডারসনে পর্যটন করপোরেশনের জেটিতে এসে যাত্রাবিরতি করে। ৮ মার্চ পর্যন্ত জাহাজটি বাংলাদেশে অবস্থান করে। ৯ মার্চ বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যায় জাহাজটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত