জয়-পরাজয় নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি পল্টি বিজেপি নেতার

আপডেট : ০৭ মে ২০১৯, ০৮:৩০ পিএম

চলমান লোকসভা নির্বাচনে দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

সোমবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাম মাধব। মঙ্গলবার তিনি বলেন, আগের বারের চেয়েও এবার বেশি আসনে জিতে সরকার গঠন করবে বিজেপি।

সোমবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাম মাধব বলেছিলেন, “২৭১টি আসন (ম্যাজিক ফিগার) পেলেই আমরা খুশি হব।”

আনন্দবাজার জানায়, সরকার গঠনের জন্য অন্য দলের সাহায্য নিতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি সাধারণ সম্পাদক। অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা নিয়ে সন্দিহান ছিলেন রাম মাধব।

কিন্তু মঙ্গলবার একটি জাতীয় টিভি চ্যানেলে তিনি দাবি করেন, “আগের বারের চেয়েও আরও বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। সরকার গঠনের জন্য অন্য কোনো দলের সাহায্যের প্রয়োজন হবে না। যদিও প্রধানমন্ত্রী মোদী সবাইকে সঙ্গে নিয়েই চলবেন।”

প্রসঙ্গত, লোকসভা ভোট ঘনিয়ে আসতেই বিরোধী শিবির একজোট হওয়ার চেষ্টায় ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু করে। পশ্চিমবঙ্গে তৃণমূল, অন্ধ্রে তেলেগু দেশম পার্টি, জম্মু কাশ্মীরে এনসি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির মতো নেতৃত্ব এক ছাতার তলায় আসার নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন।

অবশ্য কংগ্রেস এই শিবিরে যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত কার্যত ঝুলিয়ে রেখেছে। অন্য দিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নেতৃত্বে অ-কংগ্রেস, অ-বিজেপি জোট গঠনের চেষ্টাও হয়েছে। যদিও কেসিআর-এর আহ্বানে তেমন সাড়া মেলেনি।

অবশ্য বিজেপি বা কংগ্রেস ছাড়া এসব জোটের পক্ষে নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রাম মাধব।

অনেকটা কটাক্ষ করে তিনি বলেন, “চন্দ্রবাবু, কেসিআর-এর মতো নেতারা কিং-মেকার হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু আমাদের হাতেই কিং রয়েছে, কিং মেকারের প্রয়োজন পড়বে কেন?”

আরও দু’দফা ভোট বাকি থাকতেই বিজেপি সাধারণ সম্পাদক এত আত্মবিশ্বাস কোথায় পেলেন- সে ব্যাখ্যায় তিনি, উত্তরের রাজ্যগুলোতে বিজেপি তার ক্ষমতা ধরে রাখবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলোতে আসন বাড়বে।

কেন তিনি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান পাল্টে ফেললেন বিজেপি সাধারণ সম্পাদক- এর ব্যাখ্যায় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দলের চাপেই সম্ভবত অবস্থান পাল্টে ফেলেছেন রাম মাধব।

তাদের মতে, এখনো দু’দফার ভোট বাকি রয়েছে। দলের শীর্ষ নেতাদের মধ্যেই যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে তার প্রভাব পড়তে পারে পরবর্তী দু’দফার ভোটে। সেই কারণেই দলের পক্ষ থেকে তাঁকে নতুন করে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত