যশোর বোর্ডে সেরা খুলনা

আপডেট : ০৮ মে ২০১৯, ১২:৫৭ এএম

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে শীর্ষস্থান অধিকার করেছে খুলনা। চলতি বছর এ বোর্ডে গড় পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ হলেও বোর্ডের অধীন খুলনা জেলায় পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। গত বছর খুলনা জেলায় পাসের হার ছিল ৮১ দশমিক ২৭ শতাংশ। গত সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

যশোর বোর্ড সূত্রে জানা যায়, গত বছরের চেয়ে বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।

এদিকে পাসের হারে বিভাগের ১০ জেলার মধ্যে খুলনার পর সাতক্ষীরা জেলায় ৯৩ দশমিক ৫৪ শতাংশ, বাগেরহাট জেলায় ৯২ দশমিক ৯৪ শতাংশ, মাগুরা জেলায় ৯১ দশমিক ৯৮ শতাংশ এবং যশোর জেলায় ৯০ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে তালিকার শীর্ষ পাঁচে আছে। এরপর পাসের হারে বোর্ডের বাকি পাঁচ জেলার ক্রমান্নয়ে রয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইল জেলা।

এ বছর খুলনা জেলার ৫৫টি কেন্দ্রের ৩৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ হাজার ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৬৭১ জন। এ বছর জেলায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। পাসের হারেও এগিয়ে মেয়েরা। খুলনা থেকে ১২ হাজার ৫৪৭ জন ছেলে এবং ১৩ হাজার ১২৪ জন মেয়ে পাস করেছে। জেলা থেকে ৯৪ দশমিক ৮১ শতাংশ মেয়ে এবং ৯৩ দশমিক ৮৫ শতাংশ ছেলে পাস করেছে। গত দুই বছরও খুলনা থেকে বেশিসংখ্যক মেয়ে পাস করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত