ময়নাতদন্ত প্রতিবেদনে অসংগতি

পটুয়াখালীর সিভিল সার্জনকে হাইকোর্টে তলব

আপডেট : ০৮ মে ২০১৯, ০১:০৫ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনার ময়নাতদন্ত প্রতিবেদনে অসংগতি পাওয়ায় পটুয়াখালীর সিভিল সার্জন শাহ মুজাহিদুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার এই মামলায় এক আসামির জামিন শুনানিকালে ময়নাতদন্ত প্রতিবেদনে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়ায় তাকে তলবের আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আগামী ২২ মে তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আসামি দানেশ চৌকিদারের পক্ষে ছিলেন আইনজীবী তুষার বণিক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত বছরের ৮ আগস্ট রাঙ্গাবালীতে সীমা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করলে আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে এটিকে এজাহার হিসেবে গ্রহণ করতে আদেশ দেয়। মামলার আসামি করা হয় সাতজনকে। পরবর্তী সময়ে মামলার অন্যতম আসামি দানেশ চৌকিদার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। হলফনামায় আসামিপক্ষ মামলার নথির সঙ্গে ময়নাতদন্তের প্রতিবেদনও হাইকোর্টে দাখিল করে।

সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) আসামির জামিন শুনানির সময় ভিকটিমের ময়নাতদন্তের প্রতিবেদনে অসংগতির বিষয়টি আদালতের নজরে আসে। সেখানে ভিকটিমের মৃত্যুর বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। একপর্যায়ে আদালত এ বিষয়ে ব্যাখ্যা দিতে পটুয়াখালীর সিভিল সার্জন শাহ মুজাহিদুল ইসলামকে ২২ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত