নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য, শ্রমিকনেতা আহসানউল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, বিনামূল্যে চিকিৎসা এবং স্মরণসভার আয়োজন করা হয়।
সকালে মহানগরীর পুবাইলের হায়দারাবাদে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, আহসানউল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলা শাখা মরহুমের কবর প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে। দুপুরে অনুষ্ঠিত হয় স্মরণসভা।
