দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর উপজেলা প্রশাসন বুধবার উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হকের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন ও রুকশানা বারী রুকুকে বরণ করে নেওয়া হয়। সেই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাহিদা খাতুনকে বিদায় প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, প্রকৌশলী শামীম আকতার, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. সাত্তার সরকার প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী ও নবগত চেয়ারম্যানদের উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেয়া হয়। এ সময় বিদায়ী চেয়ারম্যান নবগত চেয়ারম্যানের কাছে দায়িত্বভার অর্পণ করেন। সেই সাথে উপজেলা পরিষদের ১ম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়।
