দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নড়াইলে এর প্রজনন বৃদ্ধি ও নিরাপদে রাখার উদ্দেশ্যে চিত্রা নদীতে অভয়াশ্রম তৈরি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া এলাকায় চিত্রা নদীতে তৈরি মাছের অভয়াশ্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা ড. শফিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা হোসনে আরা হ্যাপী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা ড. শফিকুর রহমান জানান, মৎস্য বিভাগের সহযোগিতায় এক একর এলাকা নিয়ে মাছের অভয়াশ্রমটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ নিরাপদে থাকতে ও নির্বিঘেœ ডিম ছাড়তে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এখনো নড়াইলের নদী ও খালে-বিলে সরপুঁটি, পুঁটি, কই, ট্যাংরা, শোল, টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এসব দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং প্রজনন বাড়ানোর লক্ষ্যে নদীতে অভয়াশ্রম তৈরির উদ্যোগকে স্বাগত জানাই।
