কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ‘এক নম্বর দুর্নীতিবাজ’ বলে মন্তব্য করেছিলেন। তার এমন মন্তব্যের প্রতিবাদে উত্তর প্রদেশের আমেথির মনোজ কাশ্যপ নামে এক যুবক নিজের শরীরের রক্ত দিয়ে একটি চিঠি লিখেছেন ভারতীয় নির্বাচন কমিশন বরাবর।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ওই যুবক নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়ে বলেন, নরেন্দ্র মোদি যেন রাজীব গান্ধীকে নিয়ে আর কোনো বাজে কথা না বলে সে ব্যাপারে ব্যবস্থা নিতে। রাজীব গান্ধী আমেথি ও ভারতের মানুষের হৃদয়ে বাস করেন বলেও চিঠিতে তিনি উল্লেখ করেন।
আমেথির শাহগড়ের বাসিন্দা মনোজ আরও লেখেন, রাজীব গান্ধীকে নিয়ে মোদির মন্তব্য তাকে ‘মানসিকভাবে ভয়াবহ আঘাত’ দিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে অপমানকারীদের আমেথির জনগণ তার (রাজীব) হত্যাকারী সমতুল্য মনে করে। চিঠিতে তিনি আরও লেখেন, রাজীব গান্ধীই ভোটারের বয়স ১৮-তে নামিয়ে এনেছিলেন এবং তিনিই পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিলেন। দেশে তিনিই কম্পিউটার এনেছিলেন।
