স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পঞ্চগড়ে কারাগারে আইনজীবীকে পুড়িয়ে মারার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের পরেই আমরা সঠিক তথ্য পাবো এবং এবিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। প্রথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কর্তৃক আয়োজিত ইফতার পার্টি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, কোহিনূর কেমিক্যালসের আইন বিভাগের সাবেক কর্মকর্তা পলাশ কুমার রায় (৩৬) গত ২৬ এপ্রিল সকালে পঞ্চগড় কারাগারের মধ্যে অগ্নিদগ্ধ হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ৩০ এপ্রিল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কোহিনূর কেমিক্যালসের করা এক মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ মার্চ পরিবারের সদস্যদের নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশনে বসেন পলাশ। পরে জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে মানববন্ধন করেন।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশাসন ও পুলিশকে নিয়ে কটূক্তি করার অভিযোগে পলাশকে আটক করে সদর থানার পুলিশ। পরে রাজীব রানা নামে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে পলাশের বিরুদ্ধে মামলা করেন ৷
কোস্টগার্ড আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী। ছাড়াও উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম. আশরাফুল হক, নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম প্রমুখ।
