নানা আয়োজনে উদ্যাপিত হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী। গতকাল বুধবার রাজধানীসহ কবির স্মৃতিময় শিলাইদহ, শাহজাদপুর, পতিসর, দক্ষিণডিহি ও পিঠাভোগে জাতীয়ভাবে উদ্যাপিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী। বাংলা একাডেমি, শিশু একাডেমিতেও আয়োজিত হয়েছে অনুষ্ঠান। গতকাল বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় রবীন্দ্রজয়ন্তী।
‘মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং রবীন্দ্র গবেষক ও সংগঠক সনজীদা খাতুন। রবীন্দ্র স্মারক বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
বাংলা একাডেমি একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির ১৫৮তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে ‘রবীন্দ্রনাথের বাংলাদেশ : শিক্ষা ও স্বদেশ ভাবনা’ শীর্ষক একক বক্তৃতা দেন অধ্যাপক আনোয়ারুল করীম। অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০১৯ প্রদান করা হয়। রবীন্দ্রসাহিত্যে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল ও রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ইকবাল আহমেদকে রবীন্দ্র পুরস্কার-২০১৯ দেওয়া হয়।
