সংযোগ বিচ্ছিন্ন

সাভারে গার্মেন্টসে অভিনব পন্থায় অবৈধ গ্যাস

আপডেট : ০৯ মে ২০১৯, ১০:৩৭ পিএম

সাভারে তৈরি পোশাক কারখানা বিশ্বাস গার্মেন্টসের অভিনব পন্থায় নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজ ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত এ কারখানাটির সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে ৪০ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়।

অভিযানের বিষয়ে প্রকৌশলী আবু সাদাৎ সায়েম বলেন, তৈরি পোশাক কারখানা বিশ্বাস গার্মেন্টস লিমিটেড দীর্ঘদিন ধরে বৈধ গ্যাসের পাশাপাশি অবৈধ গ্যাসও ব্যবহার করছিল বলে অভিযোগ করে স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে এর আগে কয়েকবার কারখানাটিতে চেষ্টা চালিয়েও তাদের অবৈধ গ্যাস ব্যবহারের বিষয়টি ধরা পড়েনি। এরই মধ্যে প্রায় ৮ কোটি টাকা বিল বকেয়া পড়ায় গত জানুয়ারি মাসে কারখানাটির বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিকে সংযোগ বিচ্ছিন্নের পরও কারখানাটিতে নিয়মিত উৎপাদন অব্যাহত থাকায় সন্দেহ আরও বেড়ে যায় তিতাস কর্র্তৃপক্ষের। গ্যাস সংযোগ ছাড়া কীভাবে উৎপাদন কাজ চলছে জানতে চাইলে অবৈধ গ্যাস সংযোগ আড়াল করার জন্য তারা মাঝে মধ্যে সিএনজি পাম্প থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ক্রয় করে আনত। কিন্তু তারা যে পরিমাণ গ্যাস ক্রয় করত এবং উৎপাদন কাজে যে পরিমাণ গ্যাস ব্যবহার হতো এর মধ্যে একটা বড় ব্যবধান লক্ষ করা যায়। তাই বৃহস্পতিবার দুপুরে কারখানাটির ভেতরে প্রবেশ করে তাদের গ্যাস ব্যবহারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের সময় অবৈধ গ্যাস সংযোগটি ধরা পড়ে যায়।

এ ঘটনায় কারখানার পাশ দিয়ে যাওয়া গ্যাসের মূল লাইন থেকে তাদের অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া গ্যাস চুরির বিষয়টি কোম্পানিকে জানানো হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের সময় আরও উপস্থিত ছিলেন তিতাসের উপব্যবস্থাপক মাহমুদ হাসান, সহব্যবস্থাপক আবদুল মান্নান, কামরুল হাসান সেলিম, সাকিব বীন আবদুল হান্নানসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত