মহানগরীর পুবাইলে অবৈধভাবে গড়ে ওঠা সিসা কারখানা বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার রাতের এ অভিযানে সরঞ্জাম জব্দ ও দুজনকে আটক করা হয়। আটকরা হলেন কারখানার ব্যবস্থাপক হাসান (৩০) ও শ্রমিক বিপ্লব (২৭)।
পুবাইল থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার হাসানাত জানান, পুবাইলের সমরসিংহ এলাকার নাগদা ব্রিজ-সংলগ্ন এলাকায় সিসা কারখানার বিষাক্ত বাতাসে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে ওঠেন। তাদের বিক্ষোভের কারণে গত ২০ ফেব্রুয়ারি অবৈধ কারখানাটি বন্ধ হয়ে যায়। দুই মাস না যেতেই ফের কারখানাটি চালু করা হলে অভিযোগ পেয়ে বুধবার রাতে সেটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, রমজান আলী নামে এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে প্রায় এক বছর আগে সিসা কারখানাটি চালু হয়। একপর্যায়ে গলিত সিসার গ্যাস ও রাসায়নিকে আক্রান্ত ঘাস খেয়ে ১৫ থেকে ২০টি গরু-ছাগল মারা যায় এবং ব্যাপক ফসলহানির ঘটনা ঘটে। এ ছাড়া শিশুসহ সাধারণের ডায়রিয়া, শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। গত ফেব্রুয়ারিতে স্থানীয় বুদাই চন্দ্র দাসের স্ত্রী বিশাখা রানী দাস (৪০) শ্বাসকষ্টে মারা গেলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তাদের বিক্ষোভের কারণে ওই মাসে কারখানাটি বন্ধ হয়ে যায়।
