এই রমজানেই ২১টি বাজারে মূল্যতালিকার ডিজিটাল বোর্ড স্থাপন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান মেয়র সাঈদ খোকন। এসময় তিনি কাঁচাবাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
মেয়র বলেন, ‘শুধু রমজান মাসেই নয়, সারা বছর স্থায়ীভাবে বাজার মনিটরিংয়ের জন্য ডিএসসিসির মোট ২১টি কাঁচাবাজারে মূল্য তালিকার ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে। নগর ভবন থেকেই প্রতিদিন মূল্যতালিকা হালনাগাদ করা হবে।’ আগামী দু’সপ্তাহের মধ্যেই এসব ডিজিটাল বোর্ড চালু করা হবে বলে জানান তিনি।
বাজার মূল্য মনিটরিংয়ে ৫টি টিম গঠন করা হয়েছে জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কী দরে বিক্রি হবে সেটা পাইকারি বাজার থেকে প্রতিদিন তথ্য সংগ্রহ করে বাজারগুলোতে টানানো মূল্য তালিকায় সংযোজন করে দেওয়া হচ্ছে।’ নির্ধারিত মূল্যের বেশি নিলে ব্যবস্থার কথা জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে, তাহলে শুধু জরিমানার মধ্যেই ভ্রাম্যমাণ আদালত সীমাবদ্ধ থাকবে না। আইন অনুযায়ী কারাদণ্ড প্রদানের নির্দেশনাও তাদেরকে দেওয়া হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করলে আপনার ঈদের দিনটি হয়তো কারাগারে কাটাতে হতে পারে।’
গত রোজার তুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে দাবি করে মেয়র বলেন, ‘চিনি, সয়াবিন তেলসহ কিছু কিছু দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কিছুটা কম আছে। গরুর মাংসের দাম গত বছরের চেয়ে তুলনামূলক বেশি এটা স্বীকার করতেই হবে। গাবতলী পশুহাটে চাঁদাবাজি বন্ধ করা গেলে দাম কমে আসবে। পুলিশ চাঁদাবাজি বন্ধে শিগগিরই ব্যবস্থা নেবে।’ ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর নির্ধারিত মূল্য তালিকা ব্যবসায়ীরা মানেন না, এমন অভিযোগ রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ‘আমাদের জনবল সীমিত। তবু এই জনবল দিয়েই মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।’
