পাথরঘাটায় যৌন নিপীড়নে বাধা দেওয়ায় দশম শ্রেণির ছাত্রী ও তার মাকে কামড়িয়ে জখম করেছে এক বখাটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। নওগাঁর রানীনগরে এক গৃহবধূ ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।
পটুয়াখালীর কলাপাড়ায় নববধূ ধর্ষণ মামলার মূল আসামি বখাটে রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে গাজীপুর পুবাইল
মিরাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার মজলিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবরÑ
নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা : নওগাঁর রানীনগরে এক গৃহবধূ ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে আবাদপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আব্দুর রহিম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওই গৃহবধূর।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর স্বামী একজন প্রতিবন্ধী-ভিক্ষুক। চাল কেনার অজুহাতে বাড়িতে এসে রহিম ধর্ষণচেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে সে পালিয়ে যায়।
রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনায় স্কুলছাত্রীকে নিপীড়ন : বরগুনার পাথরঘাটায় যৌন নিপীড়নে বাধা দেওয়ায় দশম শ্রেণির ছাত্রী ও তার মাকে কামড়িয়ে জখম করেছে তানভীর নামে এক বখাটে। গত ৫ মে ঘটনার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে ওই ছাত্রীর বাবা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পাথরঘাটার একটি বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করে ওই শিক্ষার্থী। প্রতিবেশী তানভীর তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর বাবা জাহাঙ্গীর তানভীরের বাবা সেলিমের কাছে নালিশ দেন। এতে তানভীর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। গত ৪ মে বিকেলে বাদীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তানভীর বাদীর ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। স্কুলছাত্রী বাধা দিলে তাকে তানভীর কামড় দিয়ে শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত করে। পরে মা ও মেয়েকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মাসুমুল হক খান বলেন, গত ৪ মে ওই কিশোরী ও তার মা হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাদের ভর্তি করা হয়। ৮ মে পর্যন্ত তারা এখানে চিকিৎসাধীন ছিলেন। তাদের উভয়েরই শরীরের বিভিন্ন স্থানে কামড়ের জখম ছিল।
শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা করানোর পর বুধবার পাথরঘাটা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি।
তবে পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার বলেন, কেউ থানায় মামলা করতে আসেনি। আমার মনে হয় না তারা থানায় এসেছে। আমি এখন ছুটিতে আছি।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় নববধূ ধর্ষণ মামলার মূল আসামি বখাটে রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে গাজীপুর পুবাইল মিরাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মূল আসামি গ্রেপ্তারের পর এখন বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। রফিককে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ২৪ এপ্রিল রাতে স্বামীর সঙ্গে বেতমোড় গ্রামের খালুর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন তার স্বামী।
ব্রাহ্মণবাড়িয়ায় রতন মিয়া (১৮) নামে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মজলিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে।
গত ১৬ এপ্রিল সুহিলপুর উত্তরপাড়ার এক ইটভাটা শ্রমিকের স্ত্রীকে রতনসহ আরও দুজন ধর্ষণ করে। এ ঘটনায় আদালতে মামলা করে পরিবারের সদস্যরা।
