লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় মাত্র আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বেলাল হোসেন নামের এক ট্রাক হেলপারকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
এর আগে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাঁচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক বেলাল হোসেনকে আটক করা হয়।
আটককৃত বেলাল হোসেন পাঁচপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে ও ট্রাক হেলপার বলে জানায় পুলিশ।
পুলিশ ও শিশুর স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে নিয়ে যায় একই বাড়ির বখাটে বেলাল। এরপর ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।
এসময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে পালিয়ে যায় ধর্ষক বেলাল হোসেন।
পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
শিশুর মা জানান, “আমার মেয়ের অবস্থা ভালো না। আমি ধর্ষক বেলালের ফাঁসি চাই।”
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নাসির উদ্দিন জানান, শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হবে।
চন্দ্রগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, আড়াই বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বেলাল হোসেনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
