‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীদের বাধ্যতামূলক খাবার আর কিনতে হবে না। এর ফলে ভাড়াও কমছে এ ট্রেনের।
রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেসে ১৮ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম।
তিনি জানান, কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মে’র টিকিট এসি চেয়ার ৭১৯ এবং শোভন ৩৭৫ টাকায় বিক্রি হবে।
জানা গেছে, শুরু থেকেই বনলতা এক্সপ্রেসের টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের মূল্য ১৫০ টাকা আদায় করা হতো। খাবারে দেওয়া হয় সিঙ্গারা, বার্গার, আপেল, এক পিস কেক ও এক বোতল পানি।
এ বিষয়ে সাধারণ যাত্রীদের আপত্তির মুখে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী-৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাধ্যতামূলক খাবারের সিদ্ধান্ত বাতিলে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং চিঠি দেন।
এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে বাধ্যতামূলক খাবার বাতিলে সিদ্ধান্ত নেয়।
২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পর ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে অত্যাধুনিক ট্রেনটিতে বাংলাদেশ রেলওয়ের প্রথম নিজস্ব ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেসের (বিআরসিটিএস) মাধ্যমে খাবার সরবরাহ করা হতো।
