মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ইস্যুটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশে^র নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। গতকাল শুক্রবার বরিশালের একটি অভিজাত হোটেলের লবিতে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানান তিনি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বে অনেক সমস্যা আছে, তার মধ্যে রোহিঙ্গা-সংকট উল্লেখযোগ্য। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলেও আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের অর্থনীতিতে অনেক সাফল্য এসেছে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রের পথচলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরও স্পেস দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে এবং উজ্জীবিত করতে হবে।
এর আগে শুক্রবার সকালে পুলিশের কড়া নিরাপত্তায় স্পিডবোটযোগে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। পরে তিনি বরিশালের বিভাগীয় জাদুঘর এবং ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন। এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
দুই দিনের সফরে গত বৃহস্পতিবার বিকালে সফরসঙ্গীদের নিয়ে বরিশাল আসেন ব্রিটিশ হাইকমিশনার। সেদিন বিকেলেই তিনি ব্রিটেনের রানী এলিজাবেথের পাঠানো একটি ক্রেস্ট পৌঁছে দেন বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে। গতকাল বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
