ভারতের লোকসভা নির্বাচনের ভেতর বিজেপির এক প্রার্থীর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন ধরেই ঘটনাটি নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল। শুক্রবার দেশটির শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগের কারণে বিষয়টি নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৬ এপ্রিল ফলতায় নিজের অফিসে ১৭ বছরের ওই কিশোরীকে যৌন হেনস্তা করেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। পুলিশের কাছে এমনই অভিযোগ করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে নীলাঞ্জন রায়কে গ্রেপ্তার করতে আল্টিমেটাম দিয়েছে শিশু সুরক্ষা কমিশন।
দক্ষিণ ২৪ পরগণার ফলতার বাসিন্দা ১৭ বছরের ওই নাবালিকা। নীলাঞ্জনের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ করেন নির্যাতিতার বাবা। পকসো আইনে অভিযোগ দায়ের করে পুলিশ। তারপরেই পুরো বিষয়টা পাঠানো হয় শিশু সুরক্ষা কমিশনে।
পুলিশ এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় কমিশন থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মন্তব্য করেনি নির্বাচন কমিশনও।
ঘটনাটি ভিত্তিহীন, সাজানো বলে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, ‘পুরোটাই সাজানো ঘটনা। তৃণমূল ভয় পেয়ে এ সব করছে। আমরাও যদি জাতীয় কমিশনগুলোকে ব্যবহার করা শুরু করি, তাহলে তৃণমূলের কোনও নেতা জেলের বাইরে থাকবেন না।’
