ভারতে ‘নিজস্ব প্রদেশ’ দাবি আইএস’র

আপডেট : ১১ মে ২০১৯, ০৮:৩৬ পিএম

ইসলামিক স্টেট (আইএস) ভারতে তাদের ‘নিজস্ব প্রদেশ’ দাবি করেছে।

শুক্রবার কাশ্মীরে স্থানীয় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনার পর তারা এমন দাবি জানাল। ওই বন্দুকযুদ্ধে এক আইএস সদস্য নিহত হয়।  

আইএস এর প্রচারমাধ্যম আমাক নিউজ এজেন্সি শুক্রবার জানায়, ভারতে তাদের প্রতিষ্ঠিত এই প্রদেশের নাম ‘উইলায়াহ অব হিন্দ’।

কাশ্মীরের সোপিয়ান প্রদেশের আমসিপোরা শহরে এ বন্দুকযুদ্ধ হয় শুক্রবার। এতে নিহত হয় আইএস সদস্য ইশফাক আহমেদ সোফি।

এপ্রিলে ইরাক ও সিরিয়া থেকে আইএসকে নির্মূলের ঘোষণা দেওয়া হয়। ওই এলাকায় তারা কয়েক হাজার মাইল এলাকা দখলে রেখেছিল।

এরপর ২৩ এপ্রিল ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলা হয়। এ ঘটনায় ২৫৩ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে আইএস।

এরপর তারা ভারতে নিজেদের প্রদেশ দাবি করল।

আইএস’র কর্মকাণ্ড পর্যবেক্ষক রিটা কাটজ এ বিষয়ে বলেন, ভারতে তাদের কিছু না থাকার পরও প্রদেশ দাবি অদ্ভুত। তবে একে হালকা করে দেখার কিছু নেই।

তিনি বলেন, ভারতের মতো অনেক অনিশ্চয়তায় ভরা একটি দেশ হয়ে উঠতে পারে আইএস’র নতুন ‘খেলাফতের’ মানচিত্র।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। তবে তারা আইএসকে পছন্দ করে না।

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত দুটি যুদ্ধ হয়েছে। সর্বশেষ পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০’র বেশি ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় তৃতীয় যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়।

খবর দ্য হিন্দু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত