নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রুবেল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ইনফিনিটিভ ডাটা পাওয়ার লিমিটেড কারখানার ৩ কর্মচারীসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। গত শুক্রবার সকালে উপজেলার মহজমপুর যুগিপাড়া গ্রামের পাশে পরিত্যক্ত ইনফিনিটিভ ডাটা পাওয়ার লিমিটেড কারখানার ভেতর বাউন্ডারি ওয়ালের পাশে থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানায় করা মামলায় নিহত রুবেলের মা আনোয়ারা বেগম উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে পুইক্কার ছেলে রুবেল হোসেন। গত ৯ মে রাতে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ছেলে রুবেলকে। পরদিন শুক্রবার সকালে যুগিপাড়া গ্রামের ইনফিনিটিভ ডাটা পাওয়ার লিমিটেড নামের একটি পরিত্যক্ত কারখানার ভেতরের দেয়ালের পাশে রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন মামলার সত্যতা স্বীকার করে জানান, মামলাটির তদন্ত চলছে।
