বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সারা দেশে গণহারে নারী নির্যাতন বাড়ছে। যারা এসব অপকর্ম করছে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক। আর ক্ষমতাসীন দলের লোক হওয়ায় তারা পার পেয়ে যাচ্ছে। এতে বোঝা যায়, নারী নির্যাতনে সরকারের উসকানি রয়েছে।
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে ‘কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি’তে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। অথচ দুর্ভাগ্যের বিষয় পাইকারি হারে নারী নির্যাতন চলছে। যখন থেকে তারা ক্ষমতায় এসেছে তখন থেকে তারা এটা করছে।
তিনি বলেন, নারী নির্যাতন নির্মূল করার দায়িত্ব সরকারের। কিন্তু নির্মূল তো দূরে থাক, আমরা অনেক সময় উসকানি দিতেও দেখেছি। তিনি বলেন, যারা এই কাজগুলো করছে তারা অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক। আর ক্ষমতাসীন দলের লোক বলেই তারা পার পেরে যাচ্ছে। আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা দলের জিবা খান, হেলেন জেরিন খান প্রমুখ।
