দেশের বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থা ভালো নয়। এ শরীরেও দেশের জন্য গান লিখতে চান তিনি। স্বজনদের সঙ্গে গল্প করতে চান। গতকাল শনিবার সকালে আলাউদ্দিন আলীকে দেখতে গিয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী, এন্ড্রু কিশোর ও গীতিকার কবির বকুল। এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি, মেয়ে আদ্রিতা আলাউদ্দীন রাজকন্যা ও হাসপাতালের চিকিৎসক। সেখান থেকে ফিরে দেশ রূপান্তরকে এ তথ্য জানান ওমর সানী।
তিনি বলেন, ‘আলাউদ্দিন আলী ভাই আমাকে দেখতে চেয়েছেন, এ কথা কবির বকুলের কাছে শোনার পর দেরি করিনি। সাভারে তাকে দেখতে গিয়েছি। তিনি অনেক কথা বলেছেন। কিন্তু তার বেশিরভাগ কথা বোঝা যায় না। যেটুকু বুঝেছি, তিনি আবারও দেশের জন্য গান লিখতে চান, সিনেমার জন্য সংগীত পরিচালনা করতে চান। স্বজনদের সঙ্গে গল্প করতে চান।’
সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে চিকিৎসাধীন আলাউদ্দিন আলী। ওমর সানী বলেন, ‘শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী মারা গেছেন, এই খবর তাকে দেওয়া হয়নি। এটা জানলে তিনি আরও বেশি কষ্ট পেতেন। তিনি অনেকের নাম ধরে তাদের ব্যাপারে জানতে চেয়েছেন।’ গত ২২ জানুয়ারি রাতে বাড্ডার বাসায় অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দীন আলী। দ্রুত রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
