শীতলক্ষ্যার একদিকে উচ্ছেদ আরেক দিকে দখল

আপডেট : ১২ মে ২০১৯, ১১:১১ পিএম

শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের মধ্যেই নদী দখলের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো বাজার সংলগ্ন এলাকায় বেড়িবাঁধ ও শীতলক্ষ্যা নদী দখল করে জেটি নির্মাণ করছে শুকতারা গ্রুপ ও নুরজাহান গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠান। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এই দখলদারিত্ব চলছে বলে কথিত আছে। ফলে একদিকে উচ্ছেদ চললেও আরেকদিকে চলছে দখলের মহোৎসব।

জানা গেছে, সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে বিআইডব্লিউটিএ নদী দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। অভিযানে নদীর তীরের দেড় শ ফুট এলাকায় থাকা অবৈধ স্থাপনা ভেঙে ফেলছে। উচ্ছেদ থেকে বাদ পড়েনি শিল্প প্রতিষ্ঠান, বহুতল ভবনসহ কোনো কিছুই। কিন্তু এরই মধ্যে শীতলক্ষ্যা নদীর সীমানা পিলার ভেকু দিয়ে উপড়ে ফেলে বেড়িবাঁধ ও শীতলক্ষ্যা নদী দখল করে বালু ভরাটে মেতে উঠেছে ভুলতার হাটাবো বাজার এলাকার নূরজাহান গ্রুপ ও শুকতারা গ্রুপ নামে দুটি প্রতিষ্ঠান।

সরেজমিনে ঘুরে জানা গেছে, বেড়িবাঁধ ও শীতলক্ষ্যা নদী ভরাট করে প্রায় ১২ থেকে ১৫ বিঘা জমি দখলে নিয়েছে প্রতিষ্ঠান দুটি। নদীর যে সীমানায় পিলারগুলো রয়েছে, সেগুলো ভেকু দিয়ে উপড়ে ফেলা হয়েছে। কোনো কোনো জায়গায় ভেঙে ফেলা হয়েছে। কিছু পিলার নদীতে ফেলে দেওয়া আছে। প্রায় ৩০ থেকে ৪০ ফুট নদী ভরাট করে ফেলেছে তারা। এ ছাড়া বেড়িবাঁধের ২৫ থেকে ৩০ ফুট সেøাপ বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এভাবে জেটি নির্মাণের লক্ষ্যে বালু দিয়ে ভরাট করে ফেলেছে। পাইলিং কাজও শেষ হয়ে গেছে। এখন পিলারসহ অন্য কাজ চলছে।

এ ব্যাপারে শুকতারা গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শুকতারা গ্রুপ অর্ধেক জমি নুরজাহান গ্রুপের কাছ থেকে ভাড়া নিয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, জানা ছিল না। লোক পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত