পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে পরিচিতি পান ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। প্রতিবেশী দেশ থেকে ফেরার দুই মাসের মাথায় প্রথম পোস্টিং পেলেন তিনি। তবে আবার যুদ্ধবিমান চালাতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, অভিনন্দনকে রাজস্থানের সুরাটগড় বিমান ঘাঁটিতে পোস্টিং দেওয়া হয়েছে।
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি বিমান তাড়া করতে গিয়ে নিজের বিমান হারিয়ে ধরা পড়েন অভিনন্দন। ৬০ ঘণ্টা শত্রুদের হেফাজতে কাটানোর পর দেশে ফেরেন। এরপর নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।
শনিবার তিনি কাজে যোগ দিলেন। অবশ্য রাজস্থানে এই প্রথম তার পোস্টিং নয়। এখানে আগেও কাজ করেছেন। তার বাবাও ছিলেন বিমানবাহিনীর কর্মকর্তা। বাবার কর্মসূত্রের কারণে পড়াশোনাও করেন রাজস্থানে।
তবে অভিনন্দনের পোস্টিং নিয়ে ভারতীয় বিমানবাহিনী নিশ্চিত করে কিছু বলেননি। বাহিনীর এক কর্মকর্তা বলেন, “প্রতিরক্ষা ক্ষেত্রের সব পোস্টিং গোপনীয়। আমরা শুধু এটুকু জানাতে পারি যে, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পোস্টিং রাজস্থানে হয়েছে। এর চেয়ে বেশি কিছু আর প্রকাশ করা যাবে না।”
আরেকটি সূত্র জানায়, “সুরাটগড় বেসে মিগ-২১ বাইসন রয়েছে। তবে অভিনন্দন ফের বিমান ওড়াবেন কি না তা স্পষ্ট নয়। প্রোটোকল অনুযায়ী একবার উড়োজাহাজ থেকে ইজেক্ট হলে সেই অফিসারকে আর উড়তে দেওয়া হয় না। তবে উইং কমান্ডারের বিষয়টি অন্যভাবেও দেখা হতে পারে।”
