রোববার রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা উদ্ধার মা-মেয়ে-ছেলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ছেলের মৃত্যু হয়েছে গলা কেটে আর মা-মেয়ের শ্বাসরোধে মৃত্যু হয়।
রোববার রাত পৌনে ১১টার দিকে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, নিহতের নাম মা জাহানারা খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান (২৮) এবং মেয়ে তাসফিয়া সুলতানা মীম (২০)।
তাদের বাবা ইকবাল হোসেন এক বছর আগে মারা যান।
সোহেল মাহমুদ বলেন, অন্তত ৭২ ঘণ্টা আগে তাদের মৃত্যু হয়। তবে শরীর ফুলে যাওয়ায় আর কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত তিন ব্যক্তির শরীর থেকে ভিসেরা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে রোববার রাতে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘রবিবার রাত ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে'।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা সম্পর্কে মা-মেয়ে ও ছেলে।
ওসি জানান, তাদের ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আমাদের আত্মীয়-স্বজন দায়ী।’
মাসখানেক আগে তিনজন বাসাটি ভাড়া নিয়েছিলেন।
স্বজনরা জানান, মৃত জাহানারার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বাড়ি কান্দি গ্রামে। আর তার স্বামী ইকবাল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা জগন্নাথপুর গ্রামে। ইকবাল হোসেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। তিনবছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপরে ওই দুই সন্তান এবং তাদের মা ঢাকার কাফরুলে তার বোনের বাসার পাশে থাকতেন। আড়াই মাস আগে তারা তিনজনই ভৈরব চলে যান। সেখান থেকে ঢাকায় এসে উত্তরখানে বাসা ভাড়া নেন।
