কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিয়ে আনার দাবিতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।
সংগঠনটির পক্ষ থেকে বুধবার এসব দাবিতে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।
তিনি জানান, সারা দেশে যেখানে যেখানে কমিটি আছে সেখানে এ কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হোসেনসহ কোটা সংস্কার আন্দোলনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া জাবির নেতাকর্মীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সরকারের নিকট কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করার দাবি জানান।
